কলকাতায় আগুনে বাংলাদেশিদের নিহতের ঘটনায় জামায়াতের শোক প্রকাশ
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) দিনগত রাত ২টায় ঘটিত অগিকাণ্ডে শিশুসহ ৫ বাংলাদেশি নাগরিকের মর্মান্তিকভাবে মৃত্যু এবং আরও কয়েকজনের দগ্ধ হয়ে আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার আজ বুধবার (১৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে বলেন, চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে ভারতে গিয়ে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দুর্ঘটনায় প্রিয় দেশবাসীদের এ ধরনের নিহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও কষ্টদায়ক।
মিয়া গোলাম পরওয়ার বলেন, অপরদিকে গত ১৭ আগস্ট যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহত ও নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান রবের নিকট দোআ করি তিনি যেন নিহতদের আত্মীয়-স্বজনকে তাদের এই অপূরণীয় ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার তাওফীক দান করেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, দুর্ঘটনায় যারা দগ্ধ ও গুরুতর আহত হয়েছেন, আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। একই সঙ্গে ভারতে অবস্থিত বাংলাদেশ মিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানাচ্ছি, যেন নিহতদের লাশ দ্রুত ও সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনার যথাযথ ব্যবস্থা করা হয় এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হয়।

নিজস্ব প্রতিবেদক