কলকাতায় অগ্নিকাণ্ড
একই ভবনে একাধিক হোটেল, ছোট ঘর-সরু করিডোর
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে।
স্থানীয় সময় আজ বুধবার (১৯ আগস্ট) মাঝরাত ২টার দিকে কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের (ফ্রি স্কুল স্ট্রিট) একটি হোটেলে আগুনের সূত্রপাত হয়।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগা বহুতল ভবনটিতে একাধিক হোটেল ছিল। ছোট ছোট ঘর, সরু করিডোর—সব মিলিয়ে ভবনটি ছিল বেশ ঘিঞ্জি। নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের ওই ভবনের তৃতীয় তলার হোটেল থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা খুব বেশি না হলেও দ্রুত বাড়তে থাকে ধোঁয়া। একপর্যায়ে পুরো হোটেল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
হোটেলে থাকা একজন বলেন, দমকলকর্মীরা না এলে আমরাও হয়তো বাঁচতে পারতাম না।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাধারণত চিকিৎসার জন্য কলকাতায় আসা মানুষজন ওই ভবনের বিভিন্ন হোটেলে থাকেন। মঙ্গলবার রাতে সবাই যখন ঘুমিয়ে ছিলেন, তখনই আগুনের সূত্রপাত হয়। এতে অনেকেই হোটেলের কক্ষের ভেতরে আটকা পড়েন।
ভবনটিতে প্রবেশ ও বের হওয়ার পথ ছিল মাত্র একটি। সেটিও ছিল অত্যন্ত সরু। হোটেলে অবস্থানকারীদের অভিযোগ, হোটেলে কোনো জরুরি নির্গমন পথ ছিল না। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে কেউ কেউ টয়লেটে আশ্রয় নেন এবং জানালা ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। পরে দমকলকর্মীরা এসে ভবনটির বিভিন্ন তলায় আটকে থাকাদের উদ্ধার করেন।

এনটিভি অনলাইন ডেস্ক