স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যা, এক ব্যক্তির যাবজ্জীবন
রাজধানীর তেজগাঁওতে স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যার দায়ে শাহাদাৎ হোসেন নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (১১ মে) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৯ এর বিচারক মাহমুদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
বিচারক আসামিকে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
আদালতের সরকারি কৌঁসুলি আমিনুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ আসামি শাহাদাৎ হোসেনকে আদালতে হাজির করে পুলিশ। এরপর সাজা পরোয়ানা দিয়ে আবারও তাকে কারাগারে পাঠানো হয়।
নথি থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে আসামির স্ত্রী সঙ্গে ভিকটিম আনিসের পরকীয়া সম্পর্ক ছিল। এই বিষয়টি আসামি বিভিন্ন মাধ্যমে জানতে পেরে ভিকটিমকে স্ত্রীর সঙ্গে দেখা করতে নিষেধ করেন। কিন্তু ভিকটিম আনিস আসামির কথা না শুনে তার স্ত্রীর সঙ্গে আবারও দেখা করেন। এতে ক্ষুব্ধ হয়ে ২০১২ সালের ৯ সেপ্টেম্বর বিকেলে ঢাকার তেজগাঁও থানাধীন আনোয়ারা পার্কের দক্ষিণ পার্শ্বে মা মেডিকেল স্টোরের বিপরীত দিকে ফুটপাতে ছুরিকাঘাত করে হত্যা করে ফেলে রাখেন।
এই ঘটনায় তেজগাঁও থানার উপ-পরিদর্শক(এসআই) মাসদুল ইসলাম অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন। পরে ২০১৩ সালের ২৩ ফেব্রুয়ারি তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী সাহান হক আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত প্রতিবেদক