পুনর্ভবা নদীতে নিখোঁজের ১১ দিন পর ভারতে মিলল মরদেহ
দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তঘেঁষা পুনর্ভবা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া বৃদ্ধ ইসমাইল হকের (৬০) মরদেহ দীর্ঘ ১১ দিন পর দেশে ফিরছে। আজ মঙ্গলবার (১২ মে) হিলি সীমান্ত এলাকা দিয়ে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।
নিহত ইসমাইল হক বিরল উপজেলার কামদেবপুর গ্রামের বাসিন্দা। তিনি তিন মেয়ে ও দুই ছেলের জনক ছিলেন এবং পেশায় একজন মৎস্যজীবী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১ মে (শুক্রবার) বিকেলে বাড়ির পাশে পুনর্ভবা নদীর লালমাটিয়া স্লুইসগেট এলাকায় জাল দিয়ে মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন। ধারণা করা হচ্ছে, স্লুইসগেটের কপাট খুলে দেওয়ায় পানির তীব্র স্রোতে তিনি ভেসে যান। ঘটনার পরদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। পরবর্তীতে ৫ মে ভারতের একটি অনলাইন সংবাদমাধ্যমে অজ্ঞাত মরদেহ উদ্ধারের খবর দেখে স্বজনদের মনে সন্দেহের সৃষ্টি হয়। ওপারে থাকা এক আত্মীয়ের মাধ্যমে গঙ্গারামপুর থানায় গিয়ে মরদেহটি ইসমাইলের বলে শনাক্ত করা হয়।
নিহতের ছোট ছেলে হায়দার আলী জানান, দীর্ঘ আইনি প্রক্রিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদনের পর আজ মরদেহ হস্তান্তরের কথা রয়েছে। এই ১১ দিন বাবার মরদেহের অপেক্ষায় পুরো পরিবার এক চরম মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে পার করেছে।
দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন জানান, মরদেহটি ভারতীয় সীমান্তের প্রায় ১৮ কিলোমিটার ভেতরে পাওয়ায় গঙ্গারামপুর থানায় একটি মামলা হয়েছিল। সেটি একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন ছিল।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)