বাজেটে সিগারেটের দাম বৃদ্ধির দাবি
আসন্ন জাতীয় বাজেটে সিগারেটের মূল্যবৃদ্ধির দাবি জানিয়েছেন ইউনাইটেড ফোরাম এগেইনস্ট টোব্যাকো ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের চিকিৎসকরা।
গতকাল সোমবার (১১ মে) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিকিৎসকরা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে প্ল্যাটফর্ম অব মেডিকেল কলেজ ডেন্টাল সোসাইটি থেকে বিভিন্ন মেডিকেল কলেজের বেশ কিছু প্রতিনিধি, তরুণ চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে দেশে প্রায় তিন কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করে এবং প্রতি বছর প্রায় দুই লাখ মানুষ তামাকজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তামাক ব্যবহারজনিত স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ বছরে প্রায় ৮৭ হাজার কোটি টাকা, যা তামাক খাত থেকে অর্জিত রাজস্ব আয়ের দ্বিগুণেরও বেশি।
সংবাদ সম্মেলনে চিকিৎসকরা সুনির্দিষ্ট কিছু প্রস্তাব তুলে ধরেন—
এক. নিম্ন ও মধ্যম স্তরের সিগারেট একীভূত করে ১০ শলাকার প্যাকেটের দাম ১০০ টাকা নির্ধারণ।
২. উচ্চ স্তরের সিগারেট প্যাকেট ১৫০ টাকা এবং প্রিমিয়াম স্তরের সিগারেট প্যাকেট ২০০ টাকা নির্ধারণ।
৩. প্রতি প্যাকেটে চার টাকা সুনির্দিষ্ট কর আরোপ।
এ সময় বক্তারা বলেন, এই প্রস্তাব বাস্তবায়ন হলে প্রায় পাঁচ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান ছাড়তে উৎসাহিত হবেন। এর ফলে দীর্ঘমেয়াদে প্রায় এক লাখ ৮৫ হাজার ৪০৮ প্রাপ্তবয়স্ক এবং এক লাখ ৮৫ হাজার ৩৩৫ তরুণের অকাল মৃত্যু প্রতিরোধ করা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক মো. ইউনুছুর রহমান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সাফিউন নাহিন শিমুল এবং জাতীয় বক্ষব্যাধী ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সাখাওয়াত হোসেন।

নিজস্ব প্রতিবেদক