তরুণ উদ্ভাবকের খোঁজে শুরু হলো ‘জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ সিজন ওয়ান’
দেশের কিশোর ও তরুণ প্রজন্মের মধ্যে উদ্যোক্তা মানসিকতা তৈরি ও উদ্ভাবনী ব্যবসায়িক চিন্তাকে উৎসাহিত করতে শুরু হয়েছে ‘কিডলোন প্রেজেন্টস জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ সিজন ওয়ান’। টুইম্বল, ইয়ুথ হাব এবং টিন্স সেভার বাংলাদেশের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজিত এই প্রতিযোগিতাটি ১০ থেকে ১৯ বছর বয়সী তরুণদের জন্য নিজেদের প্রতিভা প্রকাশের এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব কিশোর-কিশোরীর মাথায় নতুন কোনো ব্যবসায়িক আইডিয়া আছে বা যারা ইতোমধ্যে ছোট পরিসরে কাজ শুরু করেছে, তারা এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারবে। বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইট (www.juniorstartupchallenge.com)-এর মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া চলছে।
প্রাথমিক বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরি থেকে সেরা ২০ জন প্রতিযোগীকে নির্বাচন করা হবে। নির্বাচিত এই তরুণ উদ্যোক্তাদের জন্য থাকবে- বিশেষ মেন্টরিং ও বুটক্যাম্পের সুবিধা; অভিজ্ঞদের কাছ থেকে সরাসরি ব্যবসায়িক গাইডলাইন; বিজয়ী ও সেরাদের জন্য নগদ অর্থ পুরস্কার; আইডিয়া বাস্তবে রূপ দিতে সম্ভাব্য ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ পাওয়ার সুযোগ।
নতুন প্রজন্মের এই উদ্যোক্তা যাত্রা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিশেষ শুটিং ও প্রচারণামূলক কার্যক্রমও পরিচালনা করা হবে। মে ও জুলাই মাসজুড়ে এই আয়োজনের বিভিন্ন ধাপ পরিচালিত হবে। আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে আগামীর স্মার্ট বাংলাদেশের জন্য একঝাঁক দক্ষ ও সাহসী তরুণ উদ্যোক্তা তৈরি হবে।

এনটিভি অনলাইন ডেস্ক