৮০ কি.মি বেগে কালবৈশাখীর তাণ্ডব, লণ্ডভণ্ড হতে পারে ১০ অঞ্চল
দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (১৩ মে) বিকেল ৪টা ১৫ মিনিট থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া পরিস্থিতির এই অবনতির আশঙ্কায় এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এই পূর্বাভাসে আরও জানানো হয়, উল্লেখিত ১০টি অঞ্চল ছাড়াও দেশের অন্যান্য স্থানে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ের তীব্রতা ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির ঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক