দুপুরের মধ্যে যেসব অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস
দেশের ১০টি অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (১৪ মে) আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর ১টা পর্যন্ত এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঝড়ো আবহাওয়ার আশঙ্কায় উল্লিখিত ১০টি অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর ও মধ্যাঞ্চলের এই জেলাগুলোতে দুপুরের মধ্যে কালবৈশাখীর প্রকোপ দেখা দিতে পারে। তবে দুপুরের পর পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক