সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়, যেসব অঞ্চলে সতর্কতা
দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ শুক্রবার (১৫ মে) সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিসের দেওয়া বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে দেশের উত্তর, উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলাগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সেই সাথে এসব এলাকায় বৃষ্টির পাশাপাশি বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
নদী উত্তাল থাকার ও ঝড়ো হাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকায় এসব অঞ্চলের নৌযানগুলোকে অত্যন্ত সাবধানে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশনার দিকে নজর রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক