শ্রমিক সংকটে পড়া কৃষকের ধান কেটে দিলেন সংসদ সদস্য
নওগাঁর মহাদেবপুরে শ্রমিক সংকটের কারণে মাঠের পাকা ধান ঘরে তুলতে না পারা এক অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম-সম্পাদক ফজলে হুদা বাবুল। তিনি নিজেই কাঁচি হাতে মাঠে নেমে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওই কৃষকের ধান কেটে দিয়েছেন।
গতকাল শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার চেরাগপুর ইউনিয়নের গোপালতলা মোড় এলাকায় আলম হোসেন নামের এক কৃষকের দেড় বিঘা জমির পাকা ধান কেটে দেন তিনি। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে সেই ধান কৃষকের বাড়িতেও পৌঁছে দেওয়া হয়।
উপকারভোগী কৃষক আলম হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গত ৮ থেকে ১০ দিন ধরে কোনো শ্রমিক না পেয়ে জমি থেকে ধান কাটতে পারছিলাম না। ধান নষ্ট হওয়ার আশঙ্কায় খুব চিন্তার মধ্যে ছিলাম। হঠাৎ এমপি নেতাকর্মীদের নিয়ে এসে আমার ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।
এ বিষয়ে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, মহাদেবপুর ও বদলগাছী দুই উপজেলাতেই শ্রমিকদলের উদ্যোগে ধান কাটার কর্মসূচি চলছে। বিশেষ করে বিধবা, এতিম ও অসচ্ছল কৃষক যারা শ্রমিক সংকটে ভুগছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিতে মাঠপর্যায়ে কাজ করবে। কৃষক যাতে তার উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায়, সে জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ দেওয়া শুরু করেছেন, যার ফলে কৃষকরা সরাসরি লাভবান হবেন।
এদিকে একজন সংসদ সদস্যকে সরাসরি জমিতে কাঁচি হাতে ধান কাটতে দেখে উৎসুক সাধারণ মানুষের ভিড় জমে যায়। অনেকেই এই ব্যতিক্রমী দৃশ্য মোবাইলে ক্যামেরাবন্দি ও ভিডিও করেন। এমপির এমন কাজের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারাও।
উজ্জ্বল নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, সাধারণত নেতাদের আমরা শুধু মঞ্চেই বক্তব্য দিতে দেখি। কিন্তু আজ একজন এমপিকে মাঠে নেমে কৃষকের সঙ্গে ধান কাটতে দেখে সত্যিই ভালো লাগছে। এমন দৃশ্য আগে কখনও দেখিনি।
বিশু নামের আরেক বাসিন্দা বলেন, কৃষকের কষ্ট বুঝে এভাবে পাশে দাঁড়ানোটা অনেক বড় বিষয়। শুধু বক্তব্য দিলে মানুষ ভুলে যায়, কিন্তু মাঠে নেমে কাজ করলে সেটা মানুষের মনে দাগ কাটে।

আসাদুর রহমান জয়, নওগাঁ
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)