মেহেরপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১২ তরুণ-তরুণী
কোনো ধরনের তদবির, সুপারিশ বা দালালের আশ্রয় ছাড়াই সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে চাকরি পেয়েছেন মেহেরপুরের ১২ জন তরুণ-তরুণী। মাত্র ১২০ টাকা সরকারি ফি খরচ করে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তারা। সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় চাকরি পেয়ে আনন্দিত সাধারণ ও নিম্নআয়ের পরিবারের এসব সন্তান ও তাদের অভিভাবকেরা।
গতকাল সোমবার (১৮ মে) রাত ৮টার দিকে মেহেরপুর পুলিশ লাইন্স ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। চূড়ান্তভাবে নির্বাচিত ১২ জনের মধ্যে ১১ জন তরুণ ও একজন তরুণী রয়েছেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নিয়োগ প্রক্রিয়াটি শতভাগ স্বচ্ছ রাখতে শুরু থেকেই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল। পরীক্ষা শুরুর আগেই স্থানীয় ডিশ চ্যানেল, সংবাদপত্র, মাইকিং এবং জেলা পুলিশের ফেসবুক পেজের মাধ্যমে চাকরিপ্রত্যাশীদের দালাল ও প্রতারক চক্রের হাত থেকে দূরে থাকার জন্য সচেতন করা হয়। সরকারি নির্ধারিত ফি ১২০ টাকা ছাড়া অন্য কোনো আর্থিক লেনদেন ছাড়াই প্রার্থীরা সব ধাপ সম্পন্ন করেন।
গতকাল সকাল ১০টায় প্রথমে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ ৩৮ জনসহ মোট ১৮১ জন প্রার্থী পরবর্তীতে মনস্তাত্ত্বিক ও মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশ নেন। সব ধাপ শেষে মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতা যাচাই করে চূড়ান্তভাবে ১২ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।
চাকরি পাওয়া তরুণ-তরুণীরা জানান, কোনো বড় অঙ্কের টাকা বা রাজনৈতিক তদবির ছাড়া কেবল নিজেদের যোগ্যতায় পুলিশের মতো একটি রাষ্ট্রীয় সংস্থায় চাকরি পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। এই স্বচ্ছতা পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। অভিভাবকদের মতে, মেধা ও যোগ্যতার এমন মূল্যায়ন সমাজে একটি বড় ইতিবাচক বার্তা ছড়াবে।
ফলাফল ঘোষণা করতে গিয়ে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, বাংলাদেশ পুলিশে নিয়োগ এখন সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে হচ্ছে। এখানে কোনো ধরনের তদবির বা অনিয়মের সুযোগ নেই। সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় যোগ্যতমদেরই আজ নির্বাচন করা হয়েছে।
ফলাফল ঘোষণার এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. মিনহাজ-উল-ইসলাম ও কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ দেলোয়ার হোসেন।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর