রূপগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিরাব এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কাঞ্চন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুজাম্মেল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কাওসার মিয়া ও তার অনুসারীদের বিরুদ্ধে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১৮ মে) বিকেলে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও উত্তেজনা তৈরি হয়। এর একপর্যায়ে বিরাব খালপাড় গ্রামের কাওসার মিয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল মানুষ আকস্মিকভাবে বিএনপি নেতা মুজাম্মেল হকের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম করে। পরে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে মুজাম্মেলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, কাওসার মিয়া পেশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস অফিসার এবং পোলট্রি ফার্মের ব্যবসায়ী হলেও এর আড়ালে এলাকায় একটি প্রভাবশালী সশস্ত্র গ্রুপ গড়ে তুলেছেন। তার ভাগনে আলিফ হাসান ও সহযোগী নিশাত চৌধুরীর নেতৃত্বে এলাকায় প্রায় ৩০ সদস্যের একটি ‘কিশোর গ্যাং’ বাহিনী সক্রিয় রয়েছে। এই বাহিনীর বিরুদ্ধে বিরাব খালপাড়, তারাইল ও আশ্রয়ণ প্রকল্প এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, অস্ত্রের মহড়া, ভাঙচুর, লুটপাট, বোমাবাজি ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।
এলাকাবাসী আরও জানান, মুরগির খাবারবাহী গাড়িতে ডাকাতি, সাংবাদিকদের ওপর হামলাসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত কাওসার মিয়া তার বিরুদ্ধে ওঠা সব দাবি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। এসব অপরাধ বা হামলার ঘটনার সাথে তিনি বা তার কোনো লোক জড়িত নন বলে তিনি জানান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. এইচ. এম. সালাউদ্দিন জানান, বিএনপি নেতা মুজাম্মেল হকের ওপর হামলার ঘটনাটি জানার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)