ঈদুল আজহায় হিলিতে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা সাত দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সময়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে বৈধ পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত হিলি স্থলবন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে আলোচনা করে যৌথভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টানা সাত দিন বন্ধ থাকার বিষয়টি ইতোমধ্যে ভারতের ব্যবসায়ী সংগঠনগুলোকে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। এই ছুটির সময়ে বন্দরে আমদানি-রপ্তানিসহ বেসরকারি ওয়্যারহাউজ পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রমও পুরোপুরি বন্ধ থাকবে। আগামী ১ জুন থেকে পুনরায় এই বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, বন্দরে সীমান্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের ভারত ও বাংলাদেশের মধ্যে আসা-যাওয়া স্বাভাবিক থাকবে। সপ্তাহের ৭ দিনই হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম যথারীতি চালু থাকে।
হিলি স্থল কাস্টমস স্টেশনের ডেপুটি কমিশনার অব কাস্টমস সন্তোষ সরেন জানান, সরকারি ছুটি ব্যতীত বন্দরে কাস্টমসের অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিক থাকবে। ছুটির মাঝেও ব্যবসায়ীরা চাইলে প্রয়োজনীয় শুল্ককরাদি পরিশোধ করে বন্দর থেকে তাদের পণ্য খালাস করে নিতে পারবেন। এ লক্ষ্যে কাস্টমস কর্মকর্তারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন।
বেসরকারি ওয়্যারহাউজ পানামা পোর্ট সূত্র জানায়, ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে আগামী ১ জুন থেকে আবারও স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম শুরু হলে হিলি স্থলবন্দর তার চেনা কার্যচাঞ্চল্যে ফিরে আসবে।

জাহিদুল ইসলাম, হিলি