নয় অঞ্চলে কালবৈশাখীর আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
দেশের নয় অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ শনিবার (২৩ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখীর এই দাপট বয়ে যেতে পারে।
পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ঝড়ো আবহাওয়ার কারণে নদী ও নৌপথের নিরাপত্তা বিবেচনায় এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবল থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে চলাচলকারী সব ধরনের ছোট-বড় নৌযানকে সতর্কতার সঙ্গে সাবধানে চলাচল করতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

এনটিভি অনলাইন ডেস্ক