রামিসা হত্যা মামলার দ্রুত বিচারে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ
শিশু রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বিশেষ পাবলিক প্রসিকিউটর (এসপিপি) নিয়োগ দিয়েছে সরকার।
আজ শনিবার (২৩ মে) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ৪৯২ ধারার বিধান মতে, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন পল্লবী থানার মামলা নং-৩৫ (তারিখ : ২০/০৫/২০২৬ ইং) রাষ্ট্রপক্ষে পরিচালনার জন্য অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ করা হলো।
এতে আরও বলা হয়, মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(২)/৩০ তৎসহ ২০১ পেনাল কোড ধারায় রুজু রয়েছে।
শিশু রামিসা হত্যাকাণ্ডের গুরুত্ব এবং অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার রাষ্ট্রীয় প্রতিশ্রুতির অংশ হিসেবে এই বিশেষ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হলো।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)