শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১১ বছরের এক বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর (কিশোরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হেলাল উদ্দিন একই গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী হেলাল উদ্দিন তাকে ১০০ টাকার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে নিয়ে যান। বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে প্রতিবেশী সাজু মিয়ার একটি জনশূন্য বাড়ির টিউবওয়েল সংলগ্ন বাথরুমে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন তিনি।
ওই সময় শিমি বেগম (২৮) নামে স্থানীয় এক নারী ওই টিউবওয়েলে পানি আনতে গেলে ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে ভুক্তভোগীর আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত হেলাল উদ্দিনকে হাতেনাতে আটক করেন। পরে থানা পুলিশকে খবর দিয়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, প্রতিবেশী হওয়ার সুবাদে হেলাল উদ্দিন প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন। সেই সুযোগ ও সরলতা পুঁজি করে তিনি এই জঘন্য অপরাধ ঘটিয়েছেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)