শিশু ধর্ষণ মামলায় নারীসহ ২ আসামির যাবজ্জীবন
গোপালগঞ্জে তালের পিঠা বানানোর প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি উজ্জ্বল বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ধর্ষণের কাজে সহায়তা করার অপরাধে ২ নম্বর আসামি কল্পনা বিশ্বাসকেও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার (৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোর্শেদ আলম এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২০ সালের ৩ অক্টোবর কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামে ৮ম শ্রেণিতে পড়ুয়া ওই নাবালিকা ছাত্রীকে কৌশলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে উজ্জ্বল বিশ্বাস। আর এই অপরাধে তাকে সম্পূর্ণ সহযোগিতা করেন দ্বিতীয় আসামি কল্পনা বিশ্বাস। দীর্ঘ ৬ বছর পর বিচারিক প্রক্রিয়া এবং ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন। রায়ে দণ্ডিতদের অর্থদণ্ড ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।
এ বিষয়ে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম বলেন, সারাদেশে যেভাবে ধর্ষণ শিশু নির্যাতন মহামারী আকার ধারণ করেছে। সেই সময়ে বিজ্ঞ আদালতের এ রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদী পক্ষ সন্তুষ্টি প্রকাশ করছে। এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন হয়েছে বলে মনে করি।

মাসুদ পারভেজ, গোপালগঞ্জ