বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকা কত নম্বরে
বায়ুদূষণের তালিকায় আজ রোববার (২৪ মে) শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য। অপরদিকে রাজধানী ঢাকা রয়েছে ১০ নম্বরে।
ভারতের রাজধানী দিল্লি ও বাংলাদেশের রাজধানীর ঢাকা ছাড়াও বায়ুদূষণের শীর্ষ দশের অন্য শহরগুলো হলো- চিলির সান্তিয়াগো, চীনের বেইজিং, কঙ্গোর রাজধানীর কিনশাসা, ইন্দোনেশিয়ার জাকার্তা, পাকিস্তানের লাহোর, ভারতের কলকাতা, চীনের হাংঝু, নেপালের কাঠমাণ্ডু ও ব্রাজিলের সাওপাওলো।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
সে হিসেবে দিল্লির দূষণ স্কোর ১৯২ এর অর্থ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর। অপরদিকে, একই সময়ে ঢাকার আজকের দূষণ স্কোর ৯৯ এর অর্থ এখানকার বাতাস সহনীয়। টানা তিন দিন ধরে ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর থাকলেও আজ কিছুটা উন্নতি করেছে। সামনে ঈদের ছুটিতে অনেকে বাড়ি যাওয়া শুরু করেছেন। বন্ধ স্কুল-কলেজ। ঈদের ছুটিতে যানবাহন চলাচল কমে যাবে। ফলে সে সময়টা বায়ুর মানের আরও উন্নতি হতে পারে।

নিজস্ব প্রতিবেদক