নির্ধারিত স্থানের বাইরে পশুর হাট বসানোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোরবানির পশুর অস্থায়ী হাট নির্ধারিত স্থানের বাইরে সম্প্রসারণ কিংবা অবৈধভাবে রাস্তা দখল করে পরিচালনার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ইজারাদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ শুক্রবার (২৯ মে) ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনির অস্থায়ী কোরবানির পশুর হাট পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক এ কথা জানান।
আবদুস সালাম বলেন, ডিএসসিসির পক্ষ থেকে নগরবাসীকে নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন করা, পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা এবং সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে আন্তরিক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
ঈদ উপলক্ষে বর্জ্য দ্রুত অপসারণের লক্ষ্যে ডিএসসিসির আওতাধীন এলাকায় অতিরিক্ত জনবল, যানবাহন, কনটেইনার ও পরিচ্ছন্নতা সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুরো কার্যক্রমের ওপর কড়া নজরদারির জন্য একটি বিশেষ মনিটরিং টিমও সার্বক্ষণিক কাজ করছে বলে তিনি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক