বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সঙ্গে ডিএসসিসি প্রশাসকের মতবিনিময়
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতারা। আজ সোমবার (১০ আগস্ট) বিকেলে নগর ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে ফোরামের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। পরে সাংবাদিক ফোরামের নেতারাও প্রশাসককে শুভকামনা ও ফুলেল শুভেচ্ছা জানান।
মতবিনিময়কালে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ঢাকাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সিটি করপোরেশনের জনকল্যাণমুখী কাজের গতি ত্বরান্বিত করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, একটি সুন্দর ও গতিশীল নগর গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নগরের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে আপনারা শহরটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
ফোরামের নেতারা প্রশাসককে ধন্যবাদ জানান এবং ঢাকার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিতকরণে গণমাধ্যমকর্মী হিসেবে পাশে থাকার আশ্বাস দেন। তারা আশা প্রকাশ করেন, অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নাগরিক সেবা নিশ্চিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
মতবিনিময় সভায় বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির সভাপতি এনটিভির পরিচালক নুরুদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোমিন হোসেনসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এনটিভি অনলাইন ডেস্ক