৯ অঞ্চলে রাতের মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা, সতর্ক সংকেত জারি
ফাইল ছবি
দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বুধবার (৩ জুন) দুপুরে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আজ দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত এই পূর্বাভাস বহাল থাকবে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়—রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক