দিনাজপুরে কৃতী ফুটবলারের চিকিৎসায় ২ লাখ টাকা সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
দিনাজপুরের ঐতিহ্যবাহী জেলা ফুটবল দলের সাবেক সফল ও কৃতী ফুটবলার সিদ্দিকুর রব মুক্তির সুচিকিৎসার ব্যয়ভার বহনে পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (৩ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে দেওয়া বিশেষ আর্থিক সহায়তার অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে তার চিকিৎসার জন্য নগদ ২ লাখ টাকা প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সার্বিক ব্যবস্থাপনা এবং দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের বিশেষ তত্ত্বাবধানে আজ এই অনুদানের অর্থ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা এই কৃতি ফুটবলারের উন্নত চিকিৎসার জন্য এই অর্থ তাৎক্ষণিকভাবে বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নগদ অর্থ হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসংগঠনিক সম্পাদক মির্জা আসলাম আলী এবং দিনাজপুর সোনালী অতীত ফুটবল ক্লাবের সাবেক ফুটবলার আবু তাহের আবু, খোকন, রানা, ওয়াসি, লিটু, ইকবাল, বোম্বাই, শামীমসহ স্থানীয় ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধানমন্ত্রীর এই সময়োপযোগী ও মানবিক সহায়তার জন্য সাবেক এই ফুটবলার ও তার পরিবার এবং দিনাজপুরের ক্রীড়ামোদি সাধারণ মানুষ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক