মোহাম্মদপুরে দুই নারীর মালামাল ছিনতাইয়ের ঘটনায় দুজন রিমান্ডে
রাজধানীর মোহাম্মদপুরে বাসার সামনে দুই নারীকে চাপাতির মুখে জিম্মি করে দুই নারীর মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (৩ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ আদেশ দেন।
এর আগে আজ মামলার তদন্ত কর্মকর্তা রানা রায় দুই আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। রিমান্ড পাওয়া আসামিরা হলেন—জুয়েল ওরফে সোর্স আরিফ ও আনোয়ার হোসেন।
আদালতের প্রসিকিউশন বিভাগে কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি জানিয়েছেন।
মামলার নথি থেকে জানা গেছে, গত ৩১ মে দিনগত রাত প্রায় ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই রাতে ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে বাসার সামনে পৌঁছানোর পর দুই নারী ছিনতাইকারীদের কবলে পড়েন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, রিকশা থেকে নামার পর চাপাতি হাতে দুই ব্যক্তি তাদের ভয়ভীতি প্রদর্শন করে লাগেজ, ব্যাগ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। ভিডিওটি প্রকাশের পর ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং দ্রুত অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আদালত প্রতিবেদক