পেট্রল পাম্পের টাকা ছিনতাই : আসামি সাগর রিমান্ডে
রাজধানীর উত্তরায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল ফিলিং স্টেশনের কর্মীর কাছ থেকে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার হওয়া আসামি সাগর বাড়ৈকে (৪১) সাত দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ শনিবার (১৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।
এদিন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম আসামিকে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আবু বক্কর বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই আবু বক্কর বলেন, রিমান্ড আবেদনে বলা হয়, সাগর বাড়ৈ তার সহযোগীদের সঙ্গে যোগসাজশে ঢাকার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলেন। তার নাম-ঠিকানা নিয়েও সন্দেহ রয়েছে এবং তা যাচাই করা হচ্ছে। মামলার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদে তিনি আন্তজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য হওয়ায় বিভিন্ন কৌশলে অসংলগ্ন তথ্য দিয়েছেন। সময়ের স্বল্পতার কারণে তাকে ঘটনার বিষয়ে ব্যাপক ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।
আবেদনে আরও বলা হয়, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুণ্ঠিত টাকা উদ্ধারের স্বার্থে আসামিকে ১০ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া প্রয়োজন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত ৯ আগস্ট ডিএল ফিলিং স্টেশনের কর্মচারী সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ডভ্যানচালক মো. খোরশেদকে সঙ্গে নিয়ে ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে কাভার্ডভ্যানটি ঢাকা-ময়মনসিংহ রোডের ক্রাউন প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে তিনটি মোটরসাইকেলে আসা ছয়-সাতজন দুর্বৃত্ত গাড়িটির সামনে এসে গতিরোধ করে। এ সময় তারা সহকারী ম্যানেজার আল আমিনের বুকে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ব্যাগে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিল।
দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা ছয়-সাতজনের বিরুদ্ধে হত্যা বা গুরুতর আঘাতের চেষ্টা এবং ডাকাতির অভিযোগে মামলা করেন ডিএল ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল করিম।
ডিএল ফিলিং স্টেশনের মালিক তাসীন আক্তার হক। তার মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন। তাসীন আক্তার হক সম্পর্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই।

আদালত প্রতিবেদক