বিআরটিসি বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, নিহত ২
গোপালগঞ্জের মুকসুদপুরে বিআরটিসির একটি বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন যাত্রী। বৃহস্পতিবার (৪ জুন) দিনগত রাত ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাগদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আমিরাবাদ গ্রামের অমলেন্দু হাওলাদারের ছেলে অমিতাভ হাওলাদার (৪২) ও শেরপুর জেলার আব্দুস সামাদের ছেলে কালাম (৩০)।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান জানান, ঢাকাগামী বিআরটিসি পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাগদি ব্রিজে ধাক্কা দেয়। ঠিক একই সময় পেছন থেকে আসা হিমেল সীমান্ত পরিবহণের আরেকটি যাত্রীবাহী বাস বিআরটিসি বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুটি বাসেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয় জনতা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। তারা আহতদের দ্রুত উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন আহতদের মধ্যে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
হাইওয়ে পুলিশ জানায়, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় ৩ ঘণ্টা যানচলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। পরবর্তীতে পুলিশ দুর্ঘটনা কবলিত বাস দুটি সড়ক থেকে সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

মাসুদ পারভেজ, গোপালগঞ্জ