হবিগঞ্জে বিদ্যুৎস্পর্শে প্রবাসী বাবা-ছেলের মৃত্যু
হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পর্শে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত বাবা-ছেলে হলেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. আইনুদ্দীন (৫০) এবং তার ছেলে রাশেদ মিয়া (২২)।
আজ শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশের একটি ডোবার পানি সেচের জন্য বৈদ্যুতিক পাম্প চালানোর কাজ করছিলেন আইনুদ্দীন। এ সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তার ডোবার পানিতে পড়ে গেলে তিনি বিদ্যুতায়িত হন। এ সময় বাবাকে উদ্ধার করতে এগিয়ে আসেন ছেলে রাশেদ মিয়া। তখন তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে বিদ্যুৎস্পৃষ্ট হন বাবা-ছেলে এবং দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

মো. সেলিম মিয়া, হবিগঞ্জ