আজ রাত ৮টা থেকে ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য নারায়ণগঞ্জের কাঁচপুর ও ভুলতাসহ বিস্তীর্ণ শিল্প ও আবাসিক এলাকায় আজ শনিবার (৬ জুন) রাত থেকে টানা ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিতাস গ্যাস কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ এক জরুরি নোটিশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নোটিশে জানানো হয়, আজ রাত ৮টা থেকে আগামীকাল সকাল ৬ টা পর্যন্ত কাঁচপুর থেকে শুরু করে তারাবো বিশ্বরোড, রূপসী, বরপা ও ভুলতা মোড় এলাকায় এবং একই সাথে মুড়াপাড়া ও লক্ষণখোলা ডিআরএস (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন)-এর আওতাধীন সমস্ত এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
এছাড়া এই নির্দিষ্ট সময়ে এর আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের তীব্র চাপ স্বল্পতা বিরাজ করতে পারে। গ্যাস সঞ্চালন লাইনের সুরক্ষায় এই জরুরি মেরামত কাজ সম্পন্ন করার সময়ে সম্মানিত গ্রাহকদের সাময়িক এই অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক