ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস, যেমন থাকবে তাপমাত্রা
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য নতুন পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (৯ জুন) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া এই পূর্বাভাসে বলা হয়েছে, দুপুরের মধ্যে ঢাকার আকাশ মেঘলা হওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল থেকে দুপুরের মধ্যে ঢাকা ও আশেপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এই সময়ের মধ্যে যেকোনো সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বাতাস বয়ে যেতে পারে।
আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল ৬টায় বাতাসের তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। গতকাল সোমবার (৮ জুন) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বৃষ্টি পাতের সম্ভাবনা থাকলেও ঢাকার দিনের তাপমাত্রা সাধারণত সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সন্ধ্যায় ঢাকায় সূর্যাস্ত হবে ৬টা ৪৫ মিনিটে এবং আগামীকাল বুধবার (১০ জুন) ভোর ৫টা ১০ মিনিটে সূর্যোদয় হবে।

এনটিভি অনলাইন ডেস্ক