নিরাপদ পানির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন
‘বিশুদ্ধ পানির নিশ্চয়তা চাই, সুস্থভাবে বাঁচতে চাই’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে নিরাপদ ও বিশুদ্ধ সুপেয় পানির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার গোলাবাড়িয়া বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ সিসিডিবি-সিপিআরপি’র আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশ নেন। সিসিডিবি-সিপিআরপি’র এরিয়া ম্যানেজার শাশ্বতী নাগের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন প্রোগ্রাম অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, স্থানীয় ইউপি সদস্য রতন দত্ত, হালিমা খানম, দীপ্তি গাজী ও মায়া রায়।
মানববন্ধনে বক্তারা প্রান্তিক মানুষের জন্য আর্সেনিক, আয়রন ও জীবাণুমুক্ত বিশুদ্ধ পানির নিশ্চয়তা চেয়ে সরকারের কাছে জোর দাবি জানান।
সভাপতির বক্তব্যে শাশ্বতী নাগ বলেন, অত্র অঞ্চলের সারফেস ওয়াটার বা উপরিভাগের পানিতে আর্সেনিক, তীব্র লবণাক্ততা এবং বিভিন্ন ধরনের জীবাণু রয়েছে। এই অনিরাপদ পানি ব্যবহারের কারণে শিশু থেকে বৃদ্ধ- সব বয়সী মানুষের মধ্যে নানাবিধ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বাড়ছে।
প্রোগ্রাম অফিসার মো. ইকবাল হোসেন বলেন, গোপালগঞ্জের মানুষের সুপেয় পানির চাহিদা মেটাতে সরকারিভাবে দ্রুত বিশুদ্ধ পানির প্ল্যান্ট তৈরি করা প্রয়োজন। বাজারে পানের যোগ্য পানির দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের পক্ষে পানি কিনে খাওয়া অসম্ভব হয়ে পড়েছে।

মাসুদ পারভেজ, গোপালগঞ্জ