আর্জেন্টিনা সমর্থক মেহেদীর অন্যরকম বিশ্বকাপ উন্মাদনা
বিশ্বকাপ ফুটবল মানেই এক অদ্ভুত উন্মাদনা। আর সেই উন্মাদনা যখন গ্রামীণ জনপদে রূপ নেয় কোনো নান্দনিক শিল্পকর্মে, তখন তা যেন রূপকথার গল্পকেও হার মানায়। সবুজ গাছপালার বুক চিরে সগৌরবে দাঁড়িয়ে থাকা আর্জেন্টিনার সমর্থক মেহেদীর বাড়িটি দেখলে মনে হতেই পারে—লাতিন আমেরিকার কোনো টুকরো অংশ যেন আচমকা এসে পড়েছে বাংলার বুকে।
ব্যতিক্রমী এই দৃশ্যের দেখা মিলবে জয়পুরহাটের সদর উপজেলার আউষগাড়া ইন্দ্রাপাড়া গ্রামে। যেখানে আর্জেন্টিনার প্রতি নিজের নিখাদ ভালোবাসা প্রকাশ করতে কোনো কমতি রাখেননি ফুটবলপ্রেমী যুবক মেহেদী হাসান। প্রায় লক্ষাধিক টাকা খরচ করে নিজের পুরো বাড়িকে রাঙিয়েছেন প্রিয় দলের আকাশী-সাদা পতাকার রঙে। সেই সঙ্গে দেওয়ালে আঁকিয়ে নিয়েছেন প্রিয় দলের ফুটবল জাদুকর লিওনেল মেসির ছবি।
তবে মেহেদীর এই উন্মাদনা শুধু নিজের বাড়ি রাঙানোর মধ্যেই সীমাবদ্ধ নেই। গ্রামের মানুষকে বিশ্বকাপের আমেজ দিতে বাড়ির উঠোনেই বসিয়েছেন বড় পর্দার প্রজেক্টর। আর্জেন্টিনার খেলার দিনগুলোতে এখানে বসে শত মানুষের মেলা, আর খেলা দেখতে আসা দর্শকদের জন্য থাকে গরম গরম খিচুড়ির বিশেষ আপ্যায়ন। এতে ভীষণ খুশি ফুটবলপ্রেমী দর্শকরা।
মেহেদী হাসান বলেন, আমি আর্জেন্টিনার ভক্ত। আমি ম্যারাডোনার সময় থেকেই আর্জেন্টিনার ভক্ত। মেসিকে ভালোবাসি। এবার বিশ্বকাপ ও আর্জেন্টিনা দলের প্রতি ও ভালোবাসা ও ভালোলাগা থেকেই আমি আমার বাড়ির বাইরের দেয়াল আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছি। যখন মানুষ এসে ছবি তোলে, খুব আনন্দ লাগে।
মেহেদী হাসান আরও বলেন, আমার দৃঢ় বিশ্বাস, এবার আর্জেন্টিনাই বিশ্বকাপ জয় করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেবে। আর প্রিয় দল চ্যাম্পিয়ন হলে, ফাইনালের দিন এখানে খেলা দেখতে আসা সবাইকে আমি খাসি জবাই করে মাংস-ভাত খাওয়াব।
ইতোমধ্যেই এলাকা ছাড়িয়ে পুরো জেলায় আলোচনা ছড়িয়েছে এই ‘আর্জেন্টিনা বাড়ি’। প্রতিদিন দূর-দূরান্ত থেকে ফুটবলপ্রেমীরা আসছেন এক নজর এই বাড়িটি দেখতে। চায়ের দোকান থেকে খেলার মাঠ—গ্রামের সবখানেই এখন মুখ্য আলোচনা এই মেহেদির বাড়ি।
ভৌগোলিক দূরত্ব ঘুচিয়ে ফুটবলের এই উন্মাদনা কোটি হৃদয়ে অন্যরকম এক অনুভূতি। মাঠের লড়াইয়ে জয়-পরাজয় যাই হোক, মেহেদীর মতো ফুটবলপ্রেমীদের এই নিখাদ ভালোবাসাই প্রমাণ করে—বাঙালির কাছে বিশ্বকাপ ফুটবল শুধু খেলাই নয়, এক প্রাণের উৎসব।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট