রাজবাড়ীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, একজনের মৃত্যু
রাজবাড়ীর পাংশা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জামির বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২১ জুন) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকিদুল ইসলাম।
নিহত জামির বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দা এবং মো. হোসেন আলী বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট এবং পাট্টা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে জামির বিশ্বাস গুরুতর আহত হন। প্রথমে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মো. কবির হোসেন, রাজবাড়ী