রূপগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩০ জুন) দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে রোপা আমন ধানের চারা, সবজি উফশী ও হাইব্রিড জাতের বীজ, রাসায়নিক ও জৈব সারসহ বিভিন্ন উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠান প্রাঙ্গণে একটি ফলজ উৎসবেরও আয়োজন করা হয়।
রূপগঞ্জ উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম জয়।
অনুষ্ঠানে বক্তারা দেশের কৃষি উৎপাদন বাড়াতে সমাজের সকলকে সবজি ও ফল চাষের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, নিজের ও পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে জোগান দিতে সবাইকে কৃষিকাজে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার সবজি ও ফল চাষে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ, বীজ ও সার বিতরণসহ বিভিন্ন ধাপে ঋণ সহায়তা দিচ্ছে। এসময় যার যতটুকু অনাবাদি বা পতিত জমি রয়েছে, তার সঠিক ব্যবহার নিশ্চিত করে সবজি ও ফল চাষ করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)