বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দেশ ও মানুষের কল্যাণে ‘হাটি হাটি পা পা’ করে সফলতার ২৩ বছর পেরিয়ে ২৪তম বছরে পদার্পণ করেছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। এ উপলক্ষে শুক্রবার (৩ জুলাই) হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়সহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউস।
এনটিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি সেলিম মিয়ার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রেসক্লাবের বর্তমান সভাপতি শোয়েব চৌধুরীসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ আলহাজ জি কে গউস বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে এনটিভি গত ২৩ বছর ধরে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অত্যন্ত সাহসিকতার সঙ্গে সত্য তুলে ধরে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে ভূমিকা পালন করেছে এই প্রতিষ্ঠানটি। সত্যকে জনসম্মুখে উপস্থাপনের এই সাহসী ও আপসহীন ভূমিকার জন্য জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তিনি এনটিভি কর্তৃপক্ষ, সাংবাদিক ও কলাকুশলীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, সত্য, বস্তুনিষ্ঠতা ও পেশাদার সাংবাদিকতার প্রতি অঙ্গীকার বজায় রেখে এনটিভি দেশের মানুষের আস্থা ও ভালোবাসার গণমাধ্যম হিসেবে স্থান করে নিয়েছে। আগামী দিনেও সমস্ত বাধা-বিপত্তি পেরিয়ে এনটিভি তার এই গৌরবময় অগ্রযাত্রা অব্যাহত রাখবে- এমনটাই প্রত্যাশা সবার। আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ একসঙ্গে কেক কেটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং গণমাধ্যমটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

মো. সেলিম মিয়া, হবিগঞ্জ