বান্দরবানে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বান্দরবানে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। চ্যানেলটির ২৪ বছরে পদার্পণ উপলক্ষে বান্দরবান শহর প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান মৃত্তিকা গবেষণা ও পানি সংরক্ষণ কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান শহর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল আজাদসহ বিদ্যালয়ের শিক্ষকরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনটিভির বান্দরবান স্টাফ করেসপন্ডেন্ট আলাউদ্দীন শাহরিয়ার, সদর উপজেলা এনটিভি অনলাইন মাল্টিমিডিয়া প্রতিনিধি শফিকুর রহমানসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহবুবুল ইসলাম বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং পরিচ্ছন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে এনটিভি অনন্য উচ্চতায় পৌছে গেছে। দর্শকপ্রিয় চ্যানেল এনটিভি আগামীতে নিজেকে আরও ছাড়িয়ে যাবে এমনটাই প্রত্যাশা। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এনটিভি স্থানীয় করেসপন্ডেন্ট বৃক্ষ রোপনে শিক্ষার্থীদের গাছের চারা রোপনের ব্যতিক্রমী উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। এটি দেশের প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন কর্মসূচির হাতকে আরও প্রসারিত করবে আমার বিশ্বাস।
বিশেষ অতিথি প্রধান শিক্ষক সোহেল আজাদ বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের বিতরণ কর্মসূচিটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গাছ লাগাতে উদ্ভুদ্ধ করবে। ব্যতিক্রম আয়োজনের জন্য এনটিভি পরিবারকে সাধুবাদ জানাচ্ছি।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান