কুমিল্লা হবে পরিকল্পিত আধুনিক নগরী : গণপূর্তমন্ত্রী
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ ও কুমিল্লা সিটি করপোরেশন সমন্বিতভাবে কাজ করলে একটি পরিকল্পিত ও আদর্শ নগরী গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি বলেন, অতীতে নগর উন্নয়নে যেসব অনিয়ম হয়েছে, সেগুলোর জন্য দায়ীদের জবাবদিহির আওতায় এনে ক্ষতিপূরণ আদায় করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আইন লঙ্ঘনের সাহস না পায়।
কুমিল্লা গণপূর্ত ভবনের তৃতীয় তলায় শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া তাহের সুমন এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পরিকল্পিত উন্নয়ন ও পরিকল্পিত আবাসন নিশ্চিত করাই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের মূল দায়িত্ব। অতীতে নগরীতে নানা অনিয়মের মাধ্যমে ভবন নির্মাণ করা হয়েছে। কোথাও ১০ ফুট প্রশস্ত সড়কের পাশে ১৪তলা ভবন নির্মিত হয়েছে, আবার কোথাও ৬তলার অনুমোদন নিয়ে ১০তলা ভবন নির্মাণ করা হয়েছে। এসব অনিয়ম পরিকল্পিত নগরায়ণের পরিপন্থী।
জাকারিয়া তাহের সুমন আরও বলেন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ ও কুমিল্লা সিটি করপোরেশন একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে। দুই প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগেই একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত কুমিল্লা গড়ে তোলা সম্ভব।
জাকারিয়া তাহের সুমন জানান, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে প্রয়োজনীয় জনবল নিয়োগ সম্পন্ন হলে সংস্থাটি পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসীমউদ্দীন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, জেলা প্রশাসক মিজ রোজী আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

মাহফুজ নান্টু, কুমিল্লা