ফুটবল খেলা নিয়ে তর্কের জেরে ঘুষিতে নাকের হাড় ভাঙার অভিযোগ
ঝালকাঠির নলছিটি উপজেলায় ফুটবল খেলা নিয়ে তর্কের জেরে হাসিবুল ইসলাম (২০) নামে এক যুবকের নাকের হাড় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (৩ জুলাই) বিকেলে কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে এই ঘটনা ঘটে।
আহত হাসিবুল ইসলাম উপজেলার বারইকরণ গ্রামের ব্যবসায়ী কামাল হোসেনের ছেলে।
আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ফুটবল খেলা চলাকালীন মাঠের একটি বিষয় নিয়ে হাসিবুলের সাথে সরই গ্রামের শুভ হোসেনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শুভ ক্ষিপ্ত হয়ে হাসিবুলকে সজোরে ঘুষি মারেন। এতে হাসিবুল ইসলামের নাকে গুরুতর আঘাত লাগে এবং রক্তক্ষরণ শুরু হয়। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসক জানিয়েছেন, আঘাতের কারণে ওই যুবকের নাকের হাড় ভেঙে গেছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশকে জানানো হয়েছে। ভুক্তভোগীকে প্রথমে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কে এম সবুজ, ঝালকাঠি