দুর্গাপুরে পাহাড়ি ছড়া থেকে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার
নেত্রকোনার দুর্গাপুরে সীমান্ত এলাকা থেকে একটি ৬০ মিলিমিটার অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাহাড়ি ছড়ার পানিতে মাছ ধরতে গিয়ে এর সন্ধান পায় কয়েক কিশোর।
সীমান্ত লাগোয়া ভবানীপুর গ্রামে গতকাল শনিবার (৪ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিজিবি।
বিজিবি জানায়, ভবানীপুর গ্রামের কয়েকজন কিশোর পাহাড়ি ছড়ার পানিতে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় কাদা-মাটির ভেতরে তারা একটি লোহার বস্তু দেখতে পায়। পরে ওই গ্রামের বাসিন্দা আমজাদ আলীর ছেলে তামিম সেটি বাড়িতে নিয়ে আসে। এরপর ভাঙ্গারির দোকানে বিক্রি করার প্রস্তুতি নিলে তার বাবা আমজাদ আলীর সন্দেহ হয়। তিনি বিষয়টি বিজিবিকে জানালে বিজিবি ঘটনাস্থলে গিয়ে সেটিকে ৬০ মিলিমিটারের অবিস্ফোরিত মর্টার শেল হিসেবে শনাক্ত করে। পরে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা এড়াতে মর্টার শেলটির চারপাশ বালুর বস্তা দিয়ে নিরাপদ বেষ্টনী তৈরি করা হয়। বর্তমানে ঘটনাস্থলে বিজিবি মোতায়েন করে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
এ বিষয়ে নেত্রকোনা ৩১ বিজিবির অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী জানান, বর্তমানে বোম্ব ডিসপোজাল দলের সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় উদ্ধার হওয়া মর্টার শেলটি নিরাপদে ধ্বংস করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভজন দাস, নেত্রকোনা