কক্সবাজারে বিএফডিএসের জরুরি সভা ও রোডম্যাপ ঘোষণা
ডেন্টিস্ট্রি পেশার মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা বৃদ্ধি ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ডেন্টাল সেক্টরের ভাবমূর্তি সুদৃঢ় করার দৃঢ় প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ফেডারেশন অব ডেন্টাল সায়েন্সের’ (বিএফডিএস) জরুরি সভা।
গত বৃহস্পতিবার (২ জুলাই) কক্সবাজারের ঐতিহ্যবাহী ‘বে ওয়াচ রিসোর্টে’ দেশের অন্যতম শীর্ষস্থানীয় এই ডেন্টাল পেশাজীবী সংগঠনের সভাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডা. সাজেদুল আসিফ ফারজানের প্রাণবন্ত উপস্থাপনায় সভার মূল কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিএফডিএস-এর সভাপতি ডা. রকিবুল হোসেন রুমি। তিনি সংগঠনের দীর্ঘ আট বছরের গৌরবময় পথচলার কথা স্মরণ করে বলেন, বিএফডিএস বিগত আট বছরে দায়িত্বশীলতার সাথে যে বিপুল সংখ্যক ও সফল প্রফেশনাল ইভেন্ট সম্পন্ন করেছে, তার রেকর্ড দেশের অন্য কোনো সংগঠনে নেই। এটি আমাদের সম্মিলিত প্রয়াসের এক অনন্য দৃষ্টান্ত।
সভায় উপস্থিত সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএফডিএসের মহাসচিব ডা. মো. আসাফুজ্জোহা রাজ। তিনি বলেন, এই সংগঠনের প্রতিটি সদস্য বিএফডিএস-কে যেভাবে নিজের মনে করে ধারণ করেন, তা সত্যিই প্রশংসনীয়। সদস্যদের এই নিবিড় একাত্মতা ও কর্মস্পৃহা অব্যাহত থাকলে বিশ্বজুড়ে বাংলাদেশের ডেন্টিস্ট্রির ভাবমূর্তি আরও অনেক বেশি মজবুত ও গৌরবময় হবে।
একটি আদর্শ সংগঠনের অন্যতম প্রধান ভিত্তি যে আর্থিক স্বচ্ছতা, সেটিকে সামনে রেখে সভায় জবাবদিহিতা নিশ্চিত করা হয়। অনুষ্ঠানে বিগত অর্থবছরের যাবতীয় আয়-ব্যয়ের বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ হিসাব পেশ করেন সংগঠনের দুই কোষাধ্যক্ষ ডা. সামস জামান বাবু এবং ডা. সাইফুর পরাগ। তারা অত্যন্ত দৃঢ়তার সাথে উল্লেখ করেন, বিএফডিএস তার প্রতিষ্ঠার প্রথম দিন থেকেই আর্থিক হিসাব-নিকাশের স্পষ্টতা কঠোরভাবে বজায় রেখে আসছে, যা সংগঠনকে আজকের এই সফল পর্যায়ে নিয়ে এসেছে।
উক্ত জরুরি সভায় বিএফডিএসের আগামী দিনের কর্মপরিকল্পনা, সাংগঠনিক বিস্তার এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক দূরদর্শী রোডম্যাপ নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করা হয়।
সভায় সংগঠনের উচ্চপর্যায়ের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— ডা. রবিউল হোসেন, ডা. মামুনুর রশিদ, ডা. শামীম সুলতানা রুমা, ডা. আমিনুল ইসলাম, ডা. সমির বণিক, ডা. আয়েশা, ডা. সামসুন্নাহর, ডা. মুবাশ্বেরুল হক, ডা. ফাজলে রাব্বি, ডা. তানজিম, ডা. সালসাবিল, ডা. সুজা উদ্দিন পরাগ, ডা. সাহরিয়ার পরশ, ডা. রিপন চৌধুরী, ডা. সাফি, ডা. সিফাত উদ্দিন খান, ডা. তানভীর, ডা. রাকিবুল হাসান, ডা. নাবিল, ডা. মাসুম, ডা. খালিদ, ডা. নবীন, ডা. হিমেল, ডা. রুমকি, ডা. লায়লাসহ দেশের প্রথিতযশা ডেন্টাল বিশেষজ্ঞ ও নেতৃবৃন্দ। উপস্থিত কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ, গঠনমূলক পরামর্শ এবং পেশাগত ভাতৃত্ববোধের মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।

এনটিভি অনলাইন ডেস্ক