সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির আভাস, ১২ জেলায় সতর্ক সংকেত
দেশের অভ্যন্তরীণ ১২ অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যা পর্যন্ত ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার এক সংশোধিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
এই বৈরী আবহাওয়ার কারণে উল্লেখিত এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে এসব অঞ্চলের নৌযানগুলোকে সাবধানে ও উপকূলের কাছাকাছি থেকে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক