পাঁচ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চট্টগ্রাম বিভাগসহ বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
প্রথম দিন (১৫ সেপ্টেম্বর) : চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
দ্বিতীয় দিন (১৬ সেপ্টেম্বর) : রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
তৃতীয় দিন (১৭ সেপ্টেম্বর) : দেশের পাঁচ বিভাগে কিছু কিছু জায়গায় এবং বাকি তিন বিভাগে দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
চতুর্থ ও পঞ্চম দিন (১৮ ও ১৯ সেপ্টেম্বর) : দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ সময় তাপমাত্রায় বিশেষ কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।
আজ ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। আজ সন্ধ্যায় ঢাকায় সূর্যাস্ত হবে ৬টা ০২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৫ মিনিটে।

এনটিভি অনলাইন ডেস্ক