চট্টগ্রাম বোর্ডের ৩ জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম বোর্ডের তিন জেলার বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার বুধবারের (৮ জুলাই) এইচএসসি/আলিম/এইচএসসি(বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্যান্য শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান বলেন, আমরা আন্তঃশিক্ষা বোর্ডের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টির সংশ্লিষ্টদের অবহিত করেছি।

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম