৫ হাজার বস্তা ধান-চালসহ মেঘনায় ডুবল কার্গো জাহাজ
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনার প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ৫ হাজার বস্তা ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। আজ বুধবার (৮ জুলাই) সকালে পুরানবাজার ঘাটসংলগ্ন মোহনায় এই দুর্ঘটনা ঘটে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক তাৎক্ষণিকভাবে সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
কার্গোটির চালক এরশাদ মাঝি বলেন, গতকাল মঙ্গলবার (৭ জুলাই) পাবনা থেকে ৩ হাজার ৫০০ বস্তা চাল এবং ১ হাজার ৫০০ বস্তা ধান নিয়ে ‘পারব’ নামের কার্গোটি চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করে। আজ বুধবার সকালে পুরানবাজার ঘাটের কাছাকাছি পৌঁছালে তিন নদীর মোহনায় তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে কার্গোটি উল্টে পানিতে ডুবে যায়। পরে উল্টে যাওয়া কার্গোটি ডাকাতিয়া নদীর তীরে নিয়ে ভিড়িয়ে রাখা হয়েছে।
চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পাটোয়ারী বলেন, ডুবে যাওয়া ধান ও চাল পুরানবাজারের সাতজন ব্যবসায়ীর মালামাল। এই দুর্ঘটনায় তাদের প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্ষা মৌসুমে চাঁদপুরের তিন নদীর মোহনায় সৃষ্ট তীব্র ঘূর্ণিস্রোত ও প্রতিকূল নৌ-পরিবেশের কারণে প্রায়ই নৌযান দুর্ঘটনা ঘটে উল্লেখ করে এই নৌপথে চলাচলকারী কার্গো ও অন্যান্য নৌযানকে বিশেষ সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। দুর্ঘটনার খবর পেয়ে ইতোমধ্যেই স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বলেন, কার্গোডুবির বিষয়ে এখনও আমাদের কাছে আনুষ্ঠানিক কোনো লিখিত তথ্য বা অভিযোগ আসেনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আপডেট জানানো হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুর নদী বন্দরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, ঘটনাটি জানার পরপরই দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে নৌ-নিরাপত্তা বিভাগের উপপরিচালক বাবুলাল বৈদ্যকে ঘটনাস্থলে গিয়ে খোঁজ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শরীফুল ইসলাম, চাঁদপুর