উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, ৩ শিক্ষার্থী নিহত
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভারি বর্ষণের কারণে পাহাড় ধসে পড়ে তিন মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সেখানে বহু হতাহতের শংকা দেখা দিয়েছে। উদ্ধার তৎপরতায় কাজ করছে ফায়ার সার্ভিস ও ক্যাম্প প্রশাসন।
বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা।
ডলার ত্রিপুরা জানান, পাহাড়ি ঢালুর নিচে হওয়ায় মাদ্রাসাটির উপর ভারি বর্ষণের ফলে পাহাড়ের ঢাল ভেঙে পড়ে। এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করার পাশাপাশি পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।
এ প্রসঙ্গে স্থানীয় ক্যাম্পের রোহিঙ্গা নাগরিক মালেক বলেন, ‘দুপুরে আড়াইটার দিকে ভারি বর্ষণের মাঝে হঠাৎ চিৎকার শুনতে পাই, তাৎক্ষণিক দৌড়ে এসে দেখি পাহাড় ধসে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করেছি, জানি না আরও কতজন মাটির নিচে থাকতে পারে।’

নোমান অরুপ, কক্সবাজার (টেকনাফ)