দিন-দুপুরে ডাকাতি, ২০ ভরি স্বর্ণালংকার লুট
যশোরের কেশবপুর উপজেলার অফিসপাড়া এলাকায় এক বাড়িতে দিন-দুপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে এই ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতদল ওই বাড়ির আবুল কালামের ছেলে ঠিকাদার মোখলেছুর রহমান মুকুলের ঘর থেকে ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ লক্ষাধিক টাকাসহ মূল্যবান মালামাল ও কাগজপত্র লুট করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত আবুল কালাম বলেন, উপজেলা অফিসপাড়া এলাকায় চারতলা ভবনের তৃতীয় তলায় আমি স্ত্রী নিয়ে বসবাস করি। আমার বড় ছেলে মোখলেছুর রহমান মুকুল চতুর্থ তলায় থাকে। গত বৃহস্পতিবার আমার বড় ছেলে পরিবার নিয়ে বিদেশে ঘুরতে গেছে। আজ দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে কয়েকজন ডাকাত সরাসরি চতুর্থ তলার ঘরের তালা ও আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা, মূল্যবান জিনিসপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে যায়। বিষয়টি আঁচ করতে পেরে আমার স্ত্রী চিৎকার করলে তাকে ধাক্কা দিয়ে চলে যায় ডাকাত দলের সদস্যরা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার হাতে গুরুতর আঘাত লেগেছে।
স্থানীয়রা বলে, এভাবে কোনো বাড়িতে দিন-দুপুরে চুরি বা ডাকাতির বিষয়টি উদ্বেগজনক। আইনশৃঙ্খলার এমন অবনতি ঘটলে মানুষ কীভাবে নিরাপদে থাকবে। এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই এলাকার সব সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আশা করছি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে পারব।

ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)