দুই ডাকাতির রহস্য উন্মোচন, স্বর্ণসহ গ্রেপ্তার ৫
নারায়ণগঞ্জে পৃথক দুটি আলোচিত ডাকাতি মামলার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। পৃথক দুটি বিশেষ অভিযানে দুই ডাকাত সর্দারসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার, বিভিন্ন ব্যাগ এবং আনসার সদস্যদের একটি লুণ্ঠিত শটগান উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সি এই তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ৮ জুলাই সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক জাপান প্রবাসী পরিবারের গাড়ি থামিয়ে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে একদল ডাকাত। এ ঘটনার পর তদন্তে নেমে চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকা থেকে ডাকাত দলের সর্দার কবির হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনারগাঁয়ের মাগুড়া প্লট এলাকার ঝোপঝাড় থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। এ মামলার আরও একজন আসামি বর্তমানে পলাতক রয়েছে।
অন্যদিকে, গত ২ জুলাই বন্দরের ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্র থেকে দায়িত্বরত আনসার সদস্যদের দুটি শটগান ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে রূপগঞ্জ থেকে ডাকাত দলের সর্দার ফারুক হোসেন ওরফে আইস ফারুককে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে লুণ্ঠিত দুটি শটগানের মধ্যে একটি শটগান উদ্ধার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গ্রেপ্তার আসামিরা প্রত্যেকেই পেশাদার ডাকাত এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনের মামলা রয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ইতোমধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং বাকিদের জবানবন্দি গ্রহণের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিল্লাল হোসেন রবিন, নারায়ণগঞ্জ