৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের ঘোষণা দেওয়া সেই হরিদাস গ্রেপ্তার
গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার ‘রামমূর্তি’ নির্মাণের ঘোষণা দিয়ে দেশজুড়ে আলোচনায় আসা সেই হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মানি লন্ডারিং (অর্থ পাচার) মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল রোববার (১২ জুলাই) রাত ১২টার দিকে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে কয়েকজন ব্যক্তি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেন। তারা হরিদাস চন্দ্রকে বাইরে ডেকে আনেন এবং পরে তাকে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে করে নিয়ে যান।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, মানি লন্ডারিং মামলায় সিআইডি তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা রয়েছে।
চলতি বছরের জুন মাসে গাইবান্ধার পলাশবাড়ীতে দেশের বৃহত্তম রামমূর্তি নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন হরিদাস চন্দ্র। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরবর্তীতে ধর্মীয় সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে জুনের শেষভাগে মূর্তি নির্মাণকাজ স্থগিত ঘোষণা করে শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমিটি। সে সময় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছিল, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর পেছনে কোনো প্রশাসনিক বা রাজনৈতিক চাপ নেই।
এদিকে হরিদাস চন্দ্রকে গ্রেপ্তারের পর এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

কৃষ্ণ কুমার চাকী, গাইবান্ধা