শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশালে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা নেওয়া এবং সিলেবাসের বাইরে থেকে অতীতের চেয়ে কঠিন প্রশ্ন করার অভিযোগ তুলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে একদল এইচএসসি পরীক্ষার্থী। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পরীক্ষা ব্যবস্থার পরিবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে নগরীর বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা। অবরোধের ফলে ব্যস্ততম এই সড়কের দুপাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে যাত্রী দুর্ভোগের সৃষ্টি হয়। দুপুরের পর পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলছিল।
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের পরীক্ষার্থী আলিফ অভিযোগ করে বলেন, চরম বৈরী পরিবেশের মধ্যেও গতকাল সোমবার আমাদের পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে। এছাড়া কঠিন পরীক্ষার আগেও পর্যাপ্ত প্রস্তুতিমূলক ছুটি দেওয়া হয়নি। উল্টো অতীতের চেয়ে এবার প্রশ্নপত্র অত্যন্ত কঠিন হয়েছে, এমনকি সিলেবাসের বাইরে থেকেও প্রশ্ন করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে দেশের অনেক স্থানেই পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি ছিল না। অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার পরও মাত্র একটি বোর্ডে পরীক্ষা স্থগিত করা হলো, কিন্তু অন্যান্য বোর্ডে তা করা হয়নি।
তিনি আরও বলেন, পরীক্ষার্থীদের এই যৌক্তিক সমস্যাগুলোর সমাধান না করে উল্টো কটূক্তি করায় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং এই বৈষম্যমূলক পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চান।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের শান্ত করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সাথে কথা বলছেন। আশা করা যাচ্ছে, খুব দ্রুতই আলোচনা সাপেক্ষে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়া সম্ভব হবে।

আকতার ফারুক শাহিন, বরিশাল