মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যুবকের যাবজ্জীবন
জয়পুরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় এমরান হোসেন (২৯) নামের এক যুবককে যাবজ্জীবন ও ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. তসরুজ্জামান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত এমরান হোসেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে। আদালত থেকে জামিন নেওয়ার পর থেকেই তিনি পলাতক।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০২১ সালের ৭ নভেম্বর পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর মাঠ দিয়ে মাদক পাচার হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে বিজিবির পাঁচবিবি উপজেলার আটাপাড়া বিওপি সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে ৭৬ বোতল ভারতীয় ফেনসিডিল এবং নেশাজাতীয় ৭৯০পিস ইনজেকশনের অ্যাম্পুলসহ এমরান হোসেনকে হাতেনাতে আটক করে। এ ব্যাপারে ওই দিনই আটাপাড়া বিওপির নায়েক সুবেদার মহাতাব উদ্দিন বাদী হয়ে পাঁচবিবি থানায় আটক এমরান হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।
মামলার তদন্ত শেষে ২০২২ সালের ১৬ জানুয়ারি আদালতের কাছে তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম খান অভিযোগপত্র দাখিল করেন।
আদালত সূত্রে জানা গেছে, আসামি এমরান হোসেন নিম্ন আদালত থেকে জামিন পাওয়ার পর থেকেই আত্মগোপনে চলে যায়। পরবর্তী সময়ে দীর্ঘ শুনানিতে সাক্ষ্য-প্রমাণে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ মঙ্গলবার আদালত তার অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট আহসান হাবীব চপল এ মামলা পরিচালনা করেন।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট