প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি
প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।
আজ বুধবার (১৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এই জামিন মঞ্জুর করেন।
এক হাজার টাকা মুচলেকা ধার্য করে জামিননামা দাখিলের অনুমতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রসিকিউশন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক মোক্তার হোসেন। তিনি বলেন, গত ১২ জুলাই ইটুই সলিউশনস লিমিটেড-এর সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স রাজধানীর গুলশান থানায় ববিসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করেন।
মামরায় অন্য আসামিরা হলেন-বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া ও অ্যাডমিন সোহেল রানা।
মামলার নথি থেকে জানা গেছে, ২০২৫ সালের ১২ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে আবুল বাশার ইটুই সলিউশনস লিমিটেড-এর যোগাযোগ করে তার কম্পানির জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহ করার অনুরোধ করেন। সেই মোতাবেক ২০ নভেম্বর গুলশানের বিটিএল অফিসে পাঁচটি ৬৪ ভোল্টের ১৭০ অ্যাম্পিয়ার ব্যাটারি সরবরাহ করেন মেহেদি আলম প্রিন্স। যার মূল্য ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা।
ব্যাটারির মূল্য পরিশোধের কথা থাকলেও তারা যথাসময়ে টাকা পরিশোধ না করে তালবাহানা করে। গত ১১ জানুয়ারি সকাল ১১টার দিকে মেহেদি আলম প্রিন্স তাদের অফিসে গিয়ে পাওনা টাকা চান। তারা কোনো টাকা দিবে না বলে জানিয়ে দেয়। তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে অফিস থেকে বের করে দেয়।
আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ব্যাটারির ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা আত্মসাৎ করেন মর্মে মামলায় অভিযোগ আনা হয়েছে।

আদালত প্রতিবেদক