দেবীগঞ্জে পৃথক স্থানে বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কৃষিকাজ করতে গিয়ে পৃথক স্থানে বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত দুই কৃষক হলেন দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোনাহার মালচণ্ডী পশ্চিম তেলিপাড়া এলাকার মো. মামুন ইসলাম (৩০), তিনি একই এলাকার খাদিমুল ইসলামের ছেলে। অপরজন দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকার লালচান খানের ছেলে আকাব্বর খান (৬০)।
স্থানীয়রা জানায়, আজ সকালে আনুমানিক সাড়ে ১১টায় নিজ জমিতে পাট কাটার কাজ করছিলেন মামুন ইসলাম। এ সময় মুষলধারে বৃষ্টি শুরু হয়। হঠাৎ বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আতিকুর রহমান মৃত ঘোষণা করেন।
অপরদিকে দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় কৃষিজমিতে কাজ করার সময় বজ্রাঘাতে আকাব্বর খান গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া।

হাসান রায়হান, পঞ্চগড় (দেবীগঞ্জ)